Saturday, 18 February 2023

লড়াই -- শংকর রায়


 লড়াই টা জাত নিয়ে নয়, 
লড়াই টা ভাত নিয়ে হোক। 
লড়াই টা বাবরি নিয়ে নয়, 
লড়াই টা চাকরি নিয়ে হোক। 
লড়াই টা ধর্ম নিয়ে নয়, 
লড়াই টা কর্ম নিয়ে হোক। 
লড়াই টা কতির উপর নয় , 
লড়াই টা ক্ষেতির উপর হোক। 
 লড়াই টা অস্ত্র নিয়ে নয়। 
লড়াই টা শান্তি নিয়ে হোক। 
 লড়াই টা শ্মাসান বা কবরস্থান নিয়ে নয়, 
লড়াই টা বাসস্থান নিয়ে হোক।
 লড়াই টা গরুর উপর নয়, 
লড়াই টা গুরুর উপর হোক ।  
লড়াই টা ব্যয় এর নয়, 
লড়াই টা ন্যায় এর হোক।


 © শংকর রায় 
বিশেষভাবে সক্ষম 
( হেমতাবাদ, উত্তর দিনাজপুর,  পশ্চিমবঙ্গ,  ভারতবর্ষ)  

Sunday, 18 December 2022

সিঞ্চিত - রাণু সরকার


কি জানি কবে বাতাসে ভর দিয়ে 
সুষুপ্ত জীবাণু গুলো উড়ে উড়ে এসে 
বসে ছিলো আমার খোলা জানালায় 
এক বসন্তের গোধূলি বেলায়!
হয়তো তার চেতনায় নেই আর-
উজান স্রোতে টেনেছিলো গুণ অবসরে!

ভালো তো বাসেনি, 
প্রতিদিন গোধূলি বেলায় চলতো সময় কাটানোর খেলা খেলা পালা!
মন্থর গতিতে জীবাণুরা আয়ত্তাধীন হলো
সে এক ফাগুনে প্রবল উচ্ছ্বাসে 
নেচেছিলো প্রাণ তার প্রশ্রয়ে!

ছিলো তো মৃদুভাষী অমৃতবারি সিঞ্চনে!
অতিশয় করুণাময়ী, অ-খেয়ালে হয়তো করেছিলো অঙ্গে ধারণ!
পাঁজরের হাড় গুলো ভেঙে একাধিক খণ্ডে হলো বিভক্ত!

হবে কি নির্মুলন?
হবেনা বাঁধা আর নিবিড় আঁধারে!

Sunday, 27 November 2022

মানবতার উন্মেষ ও জনসেবা - শক্তি সেন




আজিকার দুর্দিনে তবু ভালো লাগছে
দিকে দিকে মানবতা দেখি আজ জাগছে।
প্রাকৃতিক দূর্যোগ কিংবা মারণ ভাইরাসের জন্যে
স্বেচ্ছা সেবীরা এগিয়ে আসছে সেবিতে অন্যে।
গতকাল - ই দেখলুম কত লোক পথে পথে যাচ্ছে
বিলি হচ্ছে তৈরি খাবার ,মানুষেরা খাচ্ছে।
বিয়ে বা ' ভূজনা ' র খরচ বাঁচিয়ে কেউ কেউ নিরন্নকে দিচ্ছে
খোদা বা ঈশ্বরের আশীষ তারা অজান্তেই নিচ্ছে।
শ্রাদ্ধবাড়ি বা বিবাহ বার্ষিকীর খরচও কেউ কেউ বাঁচাছে
মানবতা মনে ঢুকে দেখি অনেককেই নাচাচ্ছে ।
মানবতা থামোনা তুমি,তাল ধরো তাক ধিন
নিরন্ন দুঃস্থ যেন সেবা পায় দিন দিন ।
সরকার বাহাদুর সেও সদা জনগণে সেবা দিতে ব্যস্ত
নানান দায়িত্ব ভিন্নে তারা করেছে যে ন্যস্ত।
আমফান - ইয়াস ঝড়ে আস্তানা উড়ে গেছে যাহাদের
ত্রাণ - রেশনে দুয়ারে কর্মসূচি বানিয়ে সেবা দেয় তাহাদের।
অনেকে রাজনীতিতে নামে জনগণে সেবিতে
কেউ কেউ না দেয় কান জনগণের সোচ্চার দাবীতে।
দেশ,রাজ্য বা জেলায় আরও বেশি সেবকের দরকার
প্রয়োজনে সেবা পাবে, খবর না রাখলেও চরকার।
সমস্যা বিষ ফোঁড়ার মতো ব্যথা করে টনটন
দেশের সম্পদ সমভাবে হচ্ছে না বন্টন।
দিকে দিকে অর্থ শিকারীরা টাকার পাহাড় জমাচ্ছে
সাধারণ কে দুঃখ দুর্দশার পথে টেনে নামাচ্ছে।
কর্পোরেটে যথেচ্ছ টাকা ঢালে সরকার বাহাদুর
দুঃস্থ কৃষককে সাহায্য দিতে কেটে যায় তাদের সুর।
কোভিড টীকা বন্টনেও আজ রাজনীতি চলছে
সকলে পাচ্ছে না টীকা , কেউ কেউ বলছে।
আমরা জনগন চাইছি সবে যেন টীকা পায়
না কেউ দুর্ভোগে ভুগে যারা আজ সেবা চায়।

Sunday, 20 November 2022

ছোট শিশুর কষ্ট - রাণু সরকার



বাপটা আমার থেকেও নেই মনে 
করি মারা গেছেন 
চোখ মেলে দেখিনি বাপের মুখ কেমন, 
কোন ভোরে মা গেলো চলে 
বাবুর বাড়ির বাসন ধুতে 
আমরা এখন তিনজন থাকি রেললাইনের ঝুপরিতে।

আমার কাছে ভাইকে রেখে 
কি করে যাই ইস্কুলেতে 
খিদের জ্বালায় শুয়ে পড়ে 
ভাই যে আমার সারা হলো কেঁদেকেটে।

কাল রাতে পেটে আমার 
ব্যথা ছিলো
খাইনি,আমার ভাতটা থেকে গেলো-
পান্তা করে নুন দিয়ে ভাই আমার খেয়ে 
নিলো
দাড়িয়ে আছি নিয়ে কোলে 
কান্না ভাইয়ের থেমে গেলে।
ইস্কুলের যাবার সময় হলো
এই বুঝি,ঘন্টা বেজে থেমে গেলো-
কি করে যাবো,মা যে এলো না এখনো
হয়তো গিন্নীমা কাজের চাপে রেখে দিলো 
এমন তো করেনি কখনো 
আমারা গরিব বলে করলো এমন
বাপটা যদি থাকতো এখন।

Friday, 11 November 2022

সুখ কোথায় - মাধব দেবনাথ


দুঃখের বোজা মাথায় নিয়ে
চলছে ওরা সুখের পানে
পেয়েছে কি সুখ?
না । আজও পায়নি ।
তবুও চলছে আশার তরী বেয়ে
সেই দাসত্ব প্রথা থেকে আজ অবধি।

শুনা যায় তাদের দুঃখ
নিরাকরণ করতে হবে,
কিন্তু বাস্তবে এক অন্য রূপ
তাদের দুঃখ কী হয়েছে অবসান যদিও রাজনীতিবিদগণ নির্বাচনী ভাষণে বলে,
কিন্তু অবসান হচ্ছে কোথায়।

চোখের জলে ভাসে তাদের জীবন
দুঃখকে আপন করে নিয়েই
তারা বেঁচে আছে নীরব সংগ্রামে,
পায় না কারও সহানুভূতি ও ভালবাসা।
মাথার ঘাম পায়ে ফেলে
বাড়ি ফেরে উদাস মনে দিনান্তে
পর্ণকুটিরে,
দুঃখের যাতনা অন্তহীন
শীতে নেই বস্ত্র,
ঘুম ভাঙে আঁধার রাতে।

তাদের সুখ কোথায় 
আজও চেয়ে থাকে
বাবুদের একটু আদর ভালবাসা 
আর সহানুভূতিতে ঘুচে যাক দৈন্যতা ।

Tuesday, 1 November 2022

পুতুল খেলার ইতিকথা - কৌশিক সরকার




বাচ্চা মেয়েটি আজ চুপ করে গেছে
যেনো সবকিছুতেই নীরব অবহেলা, 
চকোলেটের লোভ দেখিয়ে রোজ
সেই দুষ্টু আঙ্কেলের নোংরা হাতের খেলা। 

সেদিন ছিলো রবিবারের বিকেল
ঘরের মেঝেতে পুতুল খেলার মেলা, 
বাচ্চা মেয়েটা জানতো কি সেদিন
নিজের সাথেই ঘটবে এমন পুতুল খেলা ? 

সেদিন সে কান্না করেছিলো খুব
হয়তো চিৎকারও করেছিলো এক আধবার, 
'প্লিজ আঙ্কেল,  প্লিজ আঙ্কেল ছেড়ে দাও, 
খুব কষ্ট হচ্ছে আমার '। 

কিন্তু সেদিন শুনতে পাইনি কেউ
শুনতে পেলেই বা কি হোতো
পুতুলের ঠোঁটে লেগে থাকা রক্তের দাগ
কখনো কি মুছে ফেলা যেতো ? 
----------------------------------------------
                   
                    

Monday, 31 October 2022

শিশিরের রং লাল - আফতাব মল্লিক



আকাশের বারান্দায় মরে যাওয়া ভালোবাসাদের  ভিড়।
রাতজাগা পাখির ক্লান্ত ঠোঁট ছুঁয়ে ছলনার বসন্ত নামে শেষ রাতের কুয়াশায়,,,,,,,,,,,,,,
আরো অনেকটা পথ চলতে গিয়েও থেমে গেছে বিষাদের নদী কোনো নীরব উপত্যকায়!
এখনও গায়ে শিশির মেখে একটা হলুদ ঘাসফুল,একটু উষ্ণতার জন্য!
ক্ষনিকের সূর্য ওঠেনি পোড়া কপালের কোণে একটুও।
এক চিলতে খুশির খোঁজে কত মনমরাদের আজীবন অসমাপ্ত সংগ্রাম।
যদি কখনও দেখা হয় ছলনাময়ীর দুঃস্বপ্নের অসহনীয় চাহনী।
আজও কাল বেয়ে ভোরের দরজা খোলে শুকতারার দীর্ঘশ্বাস!
মেঘেদের ভিড় ঠেলে আসবে না চেনা স্বপ্নের ছায়পথ, চাঁদও জানে।
কে কার চেয়ে সুখী আছে,এক প্রশ্ন সবটা বাতাসের কান জুড়ে।
হৃদয় ভাঙ্গার কম্পাঙ্ক কেউ মাপেনি আজ পর্যন্ত।
তবু পৃথিবীর মাটির ঘ্রাণে মিশে শুধুই কান্নার আওয়াজ!
অনেকক্ষণ একভাবে চেয়ে পাহাড়ের চোখও ঝাপসা!
সময়ের স্রোত ঠেলে শুধু ভেসে যাওয়া অজানার নোঙর ফেলে।
ভুলে গেছে কাশফুলও, ছাই রঙে লেখা ছেঁড়া শরতের কাব্য।
বৃথাই মন ভালো করতে দুদিনের অমনোযোগী ভ্রমণ।
বাকি দিনে সেই তো না ভালো লাগা সঙ্গীর শরীর চাওয়া দৃষ্টি!
তবু ভালো থাকা সবার, বিরক্তিকর বনানীর গায়ে লেপ্টে থেকে।
জীবন জীবনের খোঁজে, কেবলই ভাসা ভাসা তৃপ্তির মিছে অন্বেষণ,,,,,,,,,,,,,,,,,,

Sunday, 30 October 2022

অপেক্ষায় সোনালী স্বপ্ন - সুদীপ চক্রবর্তী




অনেক অপেক্ষায় ছিলাম হরি সাধন চোখ মেলে তাকাবে,
হরি আমার থেকে চারদিনের ছোট ,
আজ কাঁধে নিয়ে চিতায় তুলে দিলাম ।
চিতা যখন দাউ দাউ করে জ্বলছিল,
অনেক পুরানো কথা মনে পড়ে যাচ্ছিল,
খেলার মাঠের পাশে কাঁঠাল গাছে পাকা কাঁঠালের গন্ধ পেলে হরি পেড়ে আনতো,
খাওয়া শেষ হলে আঠা ছাড়াতে রাধাকান্ত বণিকের দোকানে পৌঁছে যেতাম, 
একটু তেল পাবার আশায়,
তখন এক সের তেল ছয় আনা, 
আর আজ দু' শ টাকা লিটার।
তিস্তা দিয়ে বয়ে গেছে অনেক জল,
তখন পুরো চুল কালো ছিল আজ তা সাদা।
ইস্কুলে জগদীশ বাবু বলতেন আমারা অনেক কষ্ট করেছি,
দেশ সবে স্বাধীন হয়েছে একটু অপেক্ষা কর,
সোনালী স্বপ্নের দিন তোদের জন্য হবে।
সেই কালো চুল অপেক্ষায় থাকতে থাকতে সাদা হয়ে গেল,
রং কিন্তু খুঁজে পেলাম না।
হরি ও শুনেছিল, কিন্তু অপেক্ষা করতে পারলো না, চলে গেল।
আমিও অপেক্ষায় আছি,
একদিন হয়তো হরির মতো চলে যাবো, 
কালো হয়ে আসবে সবকিছু, শুধু আঁধার আর আঁধার,
ঘোর কালো অন্ধকার,
অমাবস্যার চেয়েও আরও বেশি, 
অনেক বেশি অন্ধকার,
বাঁশের মাচায় শুয়ে হেলতে দুলতে অপেক্ষার সাথে দেখা করতে যাচ্ছি,
দূরে সোনালী স্বপ্ন হাত নাড়াচ্ছে।

Sunday, 23 October 2022

অবনীর ঘর - সুদীপ চক্রবর্তী





এই সেই মালভূমি যেখানে বৃষ্টি হয় বার মাস,
গাছের পাতার রং সবুজে সবুজ বর্ণময় নেয় নির্মল নিঃশ্বাস।
পাখিদের কোলাহলে ঘুম ভাঙ্গে সেই ভঙ্গিতে ,
কাঠবেড়ালির মতো ছোট জীব রাঙায় নিজেকে সেই রঙে তে ।
শুধু সরীসৃপেরা থাকে খাল বিলের পাশে,
এখানে তাদের খাদ্য পাওয়া যায় অনায়াসে।
অবনী বসে থাকে শক্তি বাবুর কল্পিত ঘরে।
যদি দরজায় কেউ কড়া নাড়ে,
" অবনী বাড়ি আছো ? "
সে শব্দ ঘুরে ফিরে মিলিয়ে যায়
শুনতে কভু পেয়েছ ?
আজ আর বৃষ্টি পড়ে না,
সবুজ রং মিলিয়ে গিয়েছ কোথায়
কেউ জানে না।
গাছের কঙ্কালসার চেহারা ফুটে উঠেছে,
সব কিছুর অভাবে কাঠবেড়ালি, বাঁদর সব পালিয়ে গেছে ।
সরীসৃপেরা এখন আছে,
খাল বিল শুকিয়ে গেলেও এখন কিছু খাদ্য বেঁচে আছে।
অবনী এখনো অপেক্ষা করে থাকে,
যদি দরজায় কেউ কড়া বাজিয়ে দেখে,
" অবনী বাড়ি আছো? "
শক্তি বাবু অবনীর হাহুতাশ আর কান্না উপর থেকে দেখে,
তার চোখ দিয়ে টসটস করে জল পড়তে থাকে।
তবুও অবনী শান্ত মনে এক কোনে নিজেকে বসিয়ে রাখে,
যদি আবার পুরানো গলায় ডাকে,
" অবনী বাড়ি আছো" ?

( কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা অবলম্বনে। )

Thursday, 20 October 2022

বিদ্রোহী - রাধাকান্ত মুদি


ওই যে দূরে পথের পানে
                 কে যেনো দিচ্ছে ডাক
বলছে এসে দেখো একবার
               শুধু ভীতুরা ঘরে থাক।।
বলছে সে প্রতিবাদী সুরে
                 বন্ধু এসো করি লড়াই
মূর্খের মতো কতো দিন
        আর করবে মিথ্যার বড়াই।।
বলছে সে এসো ধরো
              সততার ওই শক্ত লাঠি
এগিয়ে চলো নির্ভীক হয়ে
          ভাঙো মিথ্যার কল কাঠি।।
চোখে তার জ্বলন্ত শিখা
                     মানবে না সে হার
ভাইয়ে ভাইয়ে লড়াই করি
               ক্ষতি হয় বলো কার।।
স্লোগান সে তুলেছে ওই 
                ভিক্ষা নয় চাই শিক্ষা
সময় এসেছে বন্ধু এবার
    দিতে হবে সততার পরীক্ষা।।
অন্ন চাই বস্ত্র চাই 
            চাই মাথা গোঁজার ঠাই
মোরা অনেক সয়েছি অন্যায়
       এবার শুধু অধিকার চাই।।

Wednesday, 19 October 2022

মা, আমি এখন বড়ো হয়ে গেছি - আফতাব মল্লিক




কোটি টাকার ফ্ল্যাটের  রঙিন কামরায়, পাখির  পালকের মত নরম তোষকে যখন -
  রাত তিনটা পর্যন্ত ঘুম আসেনা -
বিছানায় শুয়ে, জল থেকে তুলে আনা মাছের মত-
 ছটফট করি-
 তখন বলতে পারিনা -
 মা, আমার পাশে বসে  মাথায় হাত বুলিয়ে দাও-
 আর সেই রাজকুমারী আর সোনার কাঠির গল্পটা বলে-
আমাকে ঘুম পাড়িয়ে দাও-
 মা, এখন আমি বড় হয়ে গেছি !
এক আকাশ   চিন্তা আর একমুখ অরুচি নিয়ে-
 হাজার রকমের  দামী খাবার খেতে -
ডাইনিং টেবিলে বসে যখন একটুও খেতে ইচ্ছে করে না-
  তখন বলতে পারিনা -
 মা,  কাছে টেনে মুখের সামনে থালা ধরে-
 আমাকে তোমার হাতে খাইয়ে দাও-
মা, আমি এখন বড় হয়ে গেছি !
 নিজের ইচ্ছার বিরুদ্ধে যখন -
ঘরের এসি মেশিনটা তার পুরো শক্তি প্রদর্শন  করতে থাকে-
 আর আমি একটা পাতলা বেড কভার নিয়ে -
প্রচণ্ড শীতকেও শরীরের নকল অনুভূতি দিয়ে গোপন করতে থাকি -
 তখন বলতে পারিনা -
মা, আমাকে তোমার কোলে টেনে নাও-
 সেই ছোট্টোবেলার মতো!
 এখন আমি অনেক বড় হয়ে গেছি !
 তাড়াহুড়ো করে বাথরুমে গিয়ে 
একটা তোয়ালার জন্য যখন  চল্লিশ  মিনিট দাঁড়িয়ে থাকি -
 তখন বলতে পারিনা -
মা , তোমার আঁচলটা  দিয়ে আমার মাথাটা মুছে দাও-
 মা, এখন আমি অনেক বড় হয়ে গেছি-
 একটু ভালোবাসা পাওয়ার  জন্য -
মিথ্যে মরীচিকার পেছনে ছুটে যখন 
জীবনটা নিজের কাছে মূল্যহীন মনে হয় -
 তখন চিৎকার করে বলতে ইচ্ছে করে -
মা ,পৃথিবীর সব ভালোবাসা মিথ্যে -
শুধু তোমার আদর ছাড়া-
 আমাকে দোলনায়  নিয়ে বসে, একটু আদর করে দাও -
কিন্তু এখন তো আমি  অনেক বড় হয়ে গেছি -
 কেন যে বড় হলাম মা !
খুব ভালো হতো -
যদি  আবার তোমার পুচকু  হতে পারতাম !!!!!!


(পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ )

সীমারেখা - কৌশিক সরকার

মেরুদণ্ড বরাবর হাঁটতে হাঁটতে
ইতিহাস ভেঙেছি রোজ, 
দিনের শেষে ভিজেছি শব্দে
কেউ নেয়নি খোঁজ। 

মনের জানালা আজও খোলা
দিগন্তরেখায় হাওয়ার গান, 
শিউলি ফুলের গন্ধ মেখে
চাঁদের আলোয় করেছি স্নান। 

এখনো ভাবিস আমার কথা ?
বৃষ্টিদিনের ভিডিও কল, 
এখন বুঝি ডাস্টবিনেতেই
একাকী রাতের মেসেজের ঢল ! 

আমিও এখন যাচ্ছি মিশে
দিনবদলের রঙিন পাতায়, 
স্বপ্ন দেখার সীমারেখা 
আঁকছি আজও মনের খাতায়। 

                      
                     

Sunday, 16 October 2022

About


Voice Literary Blog 
         An open platform for literary practices   


( Affiliated  by : Voice Literary Cultural Organization)     
ভয়েস সাহিত্য সাংস্কৃতিক সংগঠন        


     Founded : 2019 
Founder : Bijoy Sarkar 
Co-founder : Chandan Mahanta 


Mission : Our one an only mission is to bring the writers from the different. parts of india to the international stage and to progress creative latent talents. 

Vission :  in our vision; every writers and poets are equal. 
Liberality - Fraternity - Humanity.    

Contact Us : 

Email : voiceculturalteam@gmai.com 

Phone : +917001533847 
Whatsapp : +918918172319 

------------------------------------------------------------------


                  Bijoy Sarkar
                      founder 
Voice Literary Cultural Organization 

---------------------------------------------
         

            Golap Singha 
              President 
Voice Literary Cultural Organization 
----------------------------------------------


            Palash Sarkar 
               Secretary 
   Voice Literary Cultural Organization 

---------------------------------------------

Voice Literary Cultural Organization

-------------------------------------------------
  
 
-------------------------------



With regards 
Voice Literary Blog Team 


Saturday, 15 October 2022

মহা জাগরণ -- সিরাজুর বড়ভূইয়া

ত্যাগের মন্ত্রে গড়বো মোরা
শান্তি মৈত্রীর দৃঢ় বন্ধন,
প্রীতির পথেই আনবো ত্বরা
মানবতার মহা জাগরণ।

মহৎ মনে সর্বজনে
গড়বো ঐক্যের সোপান,
দৃঢ় পণে সাম্যের গানে
হোক মানবতার উত্থান।

মেহনতী জনতার এ লড়াই
মোদের যাবেনা বিফল,
জাগবে দেশে আশার আলো
ভাঙ্গবে সব বিভেদের শৃঙ্খল।

দীপ্ত মশাল লড়াই বিশাল
নেই ভয় উদ্বেগ শংকা,
শক্ত শপথ দৃঢ় মনোরথ
বাজাবো মুক্তির জয় ডঙ্কা।
🌹🌹🌹✍️✍️🌹🌹🌹

মায়া ত্যাগ -- সুস্মিতা রায়

আজ বিজয়া দশমী, সন্ধ্যায় চারিদিকে ঢাকের আওয়াজ,শঙ্খধ্বনিতে বিদায় সুর জানান দিচ্ছে মায়ের বিসর্জনের বার্তা। এদিকে 'মা দুর্গার' সঙ্গে বিদায় নিলেন পার্বতীদেবী। আশি বছরের পার্বতীদেবী ইহলোক ত্যাগ করলেন।পরিবারে শোকের ছায়া নেমে এল।
পার্বতীদেবী আঠারো বছর বয়সে সংসারী হয়েছেন।উনি ছিলেন 'রূপে লক্ষ্মী গুণে সরস্বতী'। বিয়ের পাঁচ বছরের মধ্যেই দুই ছেলে মেয়ের মা হ'ন। সন্তানদের মানুষ করার সঙ্গে পরিবারের সকলকে নিয়ে মানিয়ে গুছিয়ে সংসার করেছেন। ছেলে মেয়েকে সুপ্রতিষ্ঠিত করে সংসারী করেছেন। নিজের স্বার্থত্যাগ স্বীকার করে সুখের সংসার গড়ে তুলেছেন।
মায়ের সব কাজ সম্পন্ন করে মুম্বাই ফিরে যান ছেলে অভিরূপ। যাওয়ার আগে মা বাবার জিনিস গোছাতে গিয়ে নজর পড়ে মায়ের খাটের তলা। মায়ের যত্ন করে রাখা পুরনো টিনের বাক্স। ছোট বেলা থেকে দেখে আসছেন, তবে কোনদিনই কৌতূহল জাগেনি, তার ভিতর কি আছে জানার জন্য। মা সব সময় বাক্সে তালা লাগিয়ে রাখতেন, আর চাবিটা নিজের মাথার বালিশের তলায় রাখতেন। নিরিবিলিতে মাঝেমধ্যেই খুলে দেখতেন।
আজ সেই বাক্স খুললেন অভিরূপ। অনেক স্মৃতি বিজড়িত জিনিস সযত্নে রাখা, বিয়ের বেনারসী, ধুতি পাঞ্জাবী। শাড়ির তলায় পাওয়া গেল একটা লাল ডাইরি। ডাইরি খুলতেই ওনার চোখদুটো ঝাপসা হয়ে যায় অশ্রুজলে, স্বর্ণাক্ষরে লেখা বিশেষ ঘটনা, তারিখ ও সাল। পাতা উল্টাতেই স্বরচিত কবিতা ও গল্প দেখে অবাক হয়ে যান । অনেক কবিতার মধ্যে ফুটে উঠেছে ওনার মনের অপূর্ণ সাধ বা ইচ্ছা। ডাইরির সঙ্গে পাওয়া গেল একটা প্যাকেট যার মধ্যে রাখা আছে বাবার চিঠি। বাবা ছিলেন জাহাজের নাবিক, জীবনের বেশিরভাগ সময় কেটেছে জলে, নিয়মিত চিঠি পাঠাতেন পার্বতীদেবীকে। ওনার দেওয়া ছোটছোট বিদেশী উপহার ওনার কাছে ছিল খুব যত্নের।
আজ এই সব পার্থিব মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে।

ত্যাগেই শান্তি -- অমরনাথ ঘোষাল

ভোগেতে বাড়ায় রিপু আসক্তি, 
ত্যাগের আছে যে মহা নিদান, 
দেহ মনে রিপু জয় করতে,
ত্যাগ ই  দিচ্ছে সঠিক  বিধান।
জ্বলন্ত আগুনে ঘৃতাহুতি দিলে
হু হু ক'রে ওঠে জ্বলে, 
আগুনের যে হয়  জ্বলন,
শান্তি  হবেই নিভিয়ে দিলে। 
শ্বাসজয় হয়   অনুশীলনে, 
প্রাণশক্তি বাড়াবে  শ্বাস্,
মধুর এ আলাপন আছে, 
নাসিকা রন্ধ্রে শ্বাস প্রশ্বাস। 
সম্ভোগ হ'লে রিপুর তাড়ন, 
অতি সম্ভোগ করতে বারণ, 
শাস্ত্রে লিখেছে মানুষ  দেখেছে, 
প্রাণশক্তি দেহে আবরণ। 
লোভের সঙ্গী সরস জিহ্বা, 
খাবারে বাড়ায় আসক্তি, 
ধ্যান করলেই মঙ্গল হয়, 
  ত্যাগেতে বাড়ায় মহাশক্তি। 
সংযত করে সবার প্রকৃতি ,
ত্যাগের আছে যে শান্তি, 
প্রকৃত শান্তি পেতে হ'লে, 
ত্যাগের স্বস্তি প্রশান্তি। 
সঙ্গত নাহ'লে  দাবীর সনদ, 
অতীব বিবাদ বাড়ায় এসে, 
ভাইয়ের সাথে ভাইয়ের বিবাদ, 
অর্থলোভকে ভালবেসে ।

ভালোবাসার উপসংহার -- শৈবাল কর্মকার

তোমাকে ভালোবাসি বলে
নিজেকে গুটিয়ে নিয়েছিলাম
শামুকের খোলকে,
ত্যাগ করেছিলাম নিজস্বতাকে
আপন করেছি একাকীত্ব।
হাতে হাত রেখে
ঠোঁটে ঠোঁট দিয়ে
ভালোবাসা আমাকে স্পর্শ করেছিল,
আমি ও প্রত্যুত্তরে
জাগিয়েছি কামরূপ চেতনা।
এখন,
অনুভূতিগুলি অতীত মৃত-অগ্নিদ্বগ্ধ
আমার আর ভালোবাসার অহরহ বাঁধে দ্বন্দ্ব,
নিজের সবটুকু যার জন্য করেছি ত্যাগ
সে আমায় প্রশ্ন করে
কেন করেছিলে?
এখন,
শুধু কথার পিঠে কথা বসে
যুক্তি-তর্কের পাহাড় আকাশ ছুঁতে চায়
সূচ ফুটানো কথাগুলি হৃদয়ের রক্ত ঝরায়।
এখন,
প্রতিদ্বন্দ্বিতা!
ত্যাগের হিসাব অঙ্ক কষতে বসায়,
ব্যস্ততার অজুহাত দাঁড়ায়-
দু 'জনের মাঝে প্রাচীরের মত,
সেদিনের অমলিন ভালোবাসা
এখন শুধু বোঝাপড়া
আর স্পষ্ট চাঁদের ক্ষত।
এখন,
প্রেমাতুর মন খুঁজে
একলা সন্ধ্যে,
একটা নিশ্চিন্ত অপরাহ্ন,
অবাধ্য মন আজীবন ভালোবাসতে চায়
মুছে যায় অতীত রজনীর স্মৃতি চিহ্ন।
এখন,
আমার আর ভালোবাসার করুণ পরিণতি
ভালোবাসা বৈরাগ্য চায়!
আমি চাই হতে -
ভালোবাসার যতি।


নিরাসক্তি -- পরেশ চন্দ্র দাস



ভোগাসক্তি লোভ জন্মদাতা ভবে
                           তীব্র আকাঙ্ক্ষার তরী ,
তম গুনে আসক্ত হয়েছি মোরা
                              নিজেই  নিজের অরি ।
ত্যাগের ভাবনা স্বত্তগুণে রয়
                                  আশ্চর্যের কিছু নাই ,
ত্রিগুণে জগৎ চলে নিত্যদিন
                                    দোষ গুণ সবটাই ।
ভোগের পরে ত্যাগ তাড়না দেয়
                                  আদ্যোপান্ত অনুমান ,
অজ্ঞের ভিড়ে বিজ্ঞ অসহায়
                                      চাইছেন পরিত্রাণ ।
চাহিদা বেড়েছে যুগ বিবর্তনে
                                 স্বার্থ যেখানে অধরা ,
নারী যেখানে ভোগের বিজ্ঞাপন
                                     মগ্ন হয়েছে পসরা ।
কোষাগার শূন্য হয়েছে সংসারে
                                    বারবনিতার লোভে ,
নিস্ফল ক্রন্দনে মাতেন রমণী
                                বিপথ গামীর ক্ষোভে ।
ত্যাগ আগে রক্তরোষ ক্ষয়ে শেষে
                                    বয়সের যায় অস্ত ,
মহিমা তখন শীত ঘুমে ব্যস্ত
                                ত্যাগের দুয়ারে ন্যস্ত  ।
শৈশবে করিয়া ব্যয় উদ্দীপক
                              যৌবনে আজ কাঙাল ,
সামনে ভবিষ্যৎ করিছে কেলি
                                বৈরাগ্য হলো নাকাল ।

--------------------------------------------------

Sunday, 11 September 2022

ভয়েসের উদ্যোগে গ্রন্থ প্রকাশ ও কবি সংবর্ধনা অনুষ্ঠান


০৪-০৯-২০২২ :  রবিবাসরীয় দুপুরে ভয়েস লিটেরারি কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে রায়গঞ্জ সুপার মার্কেটস্থিত ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স সভাকক্ষে অনুষ্ঠিত হল গ্রন্থ প্রকাশ ও কবি সংবর্ধনা অনুষ্ঠান। কবি বিজয় সরকারের সম্পাদনায় বাংলার বিভিন্ন প্রান্তের ৮৪ জন নবীন-প্রবীন কবির সৃষ্টিশীল কবিতা সংকলিত 'আত্ম অন্বেষণ ' কাব্যগ্রন্থের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটলো।

 ভয়েসের সাংগঠনিক সম্পাদক চন্দন মহন্ত তার স্বাগত ভাষণে অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে ভয়েস সংগঠনের উদ্দেশ্য ও ভয়েসের বহুমুখী মানবিক কার্যাবলী তুলে ধরেন।
 'আত্ম অন্বেষণ' সংকলনের সম্পাদক কবি বিজয় সরকার তার বক্তব্যে সংকলন প্রকাশের প্রাসঙ্গিকতার উল্লেখ করেন l 
অনুষ্ঠানে প্রধান অতিথি বঙ্গরত্ন, কবি-প্রাবন্ধিক বিশ্বনাথ লাহা বলেন - সৃষ্টিশীল কর্মমুখী জীবনের মধ্য দিয়েই খুঁজে নিতে হবে বাঁচার আনন্দ। সমাজ জাগরণে নবপ্রজন্মকে এগিয়ে আসার আহ্বান করেন তিনি। 
বিশেষ অতিথি 'আত্ম অন্বেষণ' কাব্যগ্রন্থের ভূমিকা লেখক তথা অধ্যাপক সুকুমার বাড়ইয়ের কথায় ভয়েসের তরুণ তুর্কি দল যেভাবে সকলকে সাথে নিয়ে শিক্ষার প্রসার, সাহিত্য-সংস্কৃতি চর্চা ও সমাজসেবামূলক কাজ করে চলেছে, তা সত্যি প্রশংনীয় l
বিশেষ অতিথি ডি.এস.পি হেড কোয়ার্টার ও সাহিত্য-নাট্যপ্রেমী রিপন বল বলেন - বর্তমানের এই কঠিন পরিস্থিতিতে একমাত্র সাহিত্য-সংস্কৃতি চর্চা আমাদের সুস্থভাবে বেঁচে থাকার দিশা দেখাতে।  

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মানীর অধ্যাপক ড. দীপক চন্দ্র বর্মন 
এবং সম্মানীয় কবি মিহির দাশগুপ্ত। 

     সংগীতশিল্পী আল্পনা কুন্ডুর 
"শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী" - গানের মধ্য দিয়ে  অনুষ্ঠানের উদ্বোধনী সংগীত পরিবেশিত হয়। 
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বর্ণালী রায়, রত্না রায়, ছবি বর্মন, রুপা সরকার। স্বরচিত কবিতা পাঠ করেন কবি শৌভিক দাস, সুব্রত মিত্র, অভিজিৎ কুমার মল্লিক, যাদব চৌধুরী, গগন ঘোষ, বিনয় লাহা প্রমুখ l অনুষ্ঠানে উপস্থিত কবিদের হাতে ভয়েসের পক্ষ থেকে তুলে দেওয়া হয় "কবিরত্ন সম্মান - ২০২২" 
এছাড়া ভয়েসের পক্ষ নির্বাচিত শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় "শিল্পীরত্ন সম্মান - ২০২২"।  

ধন্যবাদ জ্ঞাপন করেন আহ্বায়ক কবি গোলাপ সিংহ। অনুষ্ঠানকে অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন ভয়েসের সদস্যা আল্পনা কুন্ডু।

Friday, 9 September 2022

একটা যুদ্ধ চাই -- সরিফুল হক


একটা যুদ্ধ চাই ,
ভীষণ, ভয়ঙ্কর ধরনের যুদ্ধ। 
তার পরিধি ছড়িয়ে পড়ুক 
গ্রাম থেকে শহরের সীমানা পার হয়ে 
দেশ থেকে দেশান্তরে। 
প্রতি বস্তিতে , প্রতি এঁদো-গলিতে ।
আবাল-বৃদ্ধ-বনিতা থেকে প্রতিটি প্রান্তিক মানুষের হৃদয়ে হৃদয়ে। 
চাই সবাই স্বেচ্ছায় সামিল হোক সে যুদ্ধে।

অশিক্ষা-কুসংস্কারের বিরুদ্ধে সে যুদ্ধ।
ধর্ম-জাত-ভাষা বিভেদের বিরুদ্ধে সে যুদ্ধ। 
লাঞ্ছনা-বঞ্চনা-অত্যাচারের বিরুদ্ধে সে যুদ্ধ। 
দূষণ-ধ্বংসের বিরুদ্ধে সে যুদ্ধ।
শিক্ষা-মানবিকতা-মানবাধিকার প্রতিষ্ঠার সে যুদ্ধ। 

জয় আমাদের নিশ্চিত।
কারণ -এই যুদ্ধের দামামা প্রতিটি হৃদয়ে অনুরণিত।
আর ,প্রকৃতিও চায় তার সমস্ত সমর্থন নিয়ে আমাদের পাশে দাঁড়াতে। 

তারপর তৈরি হবে -একটা সুসভ্য জাতির। 
একটা সুনির্দিষ্ট লক্ষ্যের। 
একটা সমৃদ্ধ - কিন্তু, মুক্ত মনের। 
তুমি ,আমি ,আমরা সব্বাই তখন স্বাধীন।


© সরিফুল হক 
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ