Saturday, 8 May 2021

রবি -কবি ---নীতা কবি


আকাশের রবি আর আমাদের মাটির রবি দুজনেই প্রাতঃস্মরণীয়
মাটির রবি তাঁর স্বমহিমায়, উজ্জ্বল জ‍্যোতিতে চির-স্মরণীয়
জোড়াসাঁকোর ঠাকুর-বাড়ীর অতি এক শুভক্ষণে
জন্ম নিলেন কবির রাজা বিশ্ব-ভুবন জানে
পাঠশালাতে মন বসে না,প্রকৃতি তাঁহারে চায় 
গ্ৰহণ করলেন প্রকৃতি দেবীকে, মন যে সেদিকে ধায়।
আমরা পেলাম আশ্রম-সম আমাদের শান্তিনিকেতন
সজীবতা আর সুন্দরে ভরা চেতনার উন্মোচন।

নিয়মাবদ্ধ পুঁথি পড়া ছেড়ে পড়লেন নানা পাঠ
বিদ‍্যাদেবী খুশী হয়ে তাঁর মাথায় দিলেন হাত
মায়ের আশীষ মাথায় নিয়ে লেখেন কবিতাগুলি
গানে গানে আর গল্পে, কথাতে ভরলেন নিজ ঝুলি
বাংলা ভাঁড়ার পূর্ণ হলো তাঁরই কবিতা, গানে
বাংলা ছাড়ায়ে বিশ্ব-মাঝারে নোবেলটাও তো আনে।

কবির গুরু বিশ্বকবি, বিস্ময় জাগে মনে
আমরা তোমার গরবে গরবী তোমার করুণা দানে
আজি শুভ দিনে অঞ্জলি দিই তোমার চরণ তলে
শুধু দেখি ঐ বিজয় মালাটি দোলে যে তোমার গলে।

পঁচিশে বৈশাখ এসেছিলে তুমি ,প্রাণের বিশ্বকবি
যেদিকে তাকায় সাহিত‍্য-জগতে পাই যে তোমার ছবি
বাইশে শ্রাবণে চলে গেলে তুমি সবার দুচোখ ভাসালে
বাঙালি-হৃদয়ে বেঁচে আছো তুমি, তোমার আশীষে ভরালে।

Copyright@ Nitakobi 

----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

Sunday, 25 April 2021

ত্যাগ- অজিত গঙ্গোপাধ্যায়



বছর পঁচিশের সুদর্শন যুবক এই   পার্থিব , হাইস্কুলের শিক্ষক । ছাত্র ছাত্রীদের নয়নের মণি  । জটিল অঙ্ক সরলভাবে সমাধান করে দেওয়ার জন্য ছাত্র ছাত্রীদের কাছে পার্থিব স্যার শ্রদ্ধার আসনে বিরাজমান । পিথাগোরাসের উপপাদ্যই হোক বা নিউটনের সুত্র – সবক্ষেত্রেই অবাধ বিচরণ পার্থিবের । 
           
              বি এসসি পড়তে পড়তেই  সহপাঠী বান্ধবী তিথির প্রেম নিবেদনে সাড়া দিয়ে মনপ্রাণ সঁপে দিয়েছিল পার্থিব । যে প্রেম পবিত্র সেখানে প্রশ্ন কিসের ? তাই তিথির প্রেমের স্বীকৃতিস্বরূপ তাকে জীবনসাথী বেছে নিতেও দ্বিধা করেনি পার্থিব ।  কিন্তু ছায়া , কায়া আর মায়া তো একসময় সকলকেই ত্যাগ করে । পার্থিবের জীবনে স্বপ্নের পরী হয়ে এসেছিল তিথি , আবার হঠাৎ পুরাতন প্রেমিকের হাত ধরে পার্থিবকে কিচ্ছুটি না বলে বিদেশে পাড়ি দিয়েছে ।
  
            পার্থিবের জীবনে ভয়ংকর ভূমিকম্প এসে সবকিছুই তছনছ করে দিয়েছে ।  পার্থিব এখন পাগল হয়ে গেছে । পথে পথে খুঁজে বেড়ায় তিথিকে । সকলকেই শুধোয় , তিথিকে দেখেছো ? মাঝে মাঝেই গান গায় “ ছেড়ে দিলে সোনার গৌর আরতো পাবো না , তিথিকে ছেড়ে দেবো না “ ।                                                

                   এই দৃশ্য দেখে অনেকেই হাউ হাউ করে কেঁদে ওঠে ।
----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

উপলব্ধি - পংকজ সরকার




     'শুভ জন্মদিন দাদুভাই...'-সরলা দেবী রিওকে আশীর্বাদ করলেন এভাবেই।রুচিরার আশঙ্কাই সত্যি হল।বিশিষ্ট স্যার-ম্যামদের সামনে ঠাকুমা বাংলায় আশীর্বাদ করে ভৌমিক পরিবারের প্রেস্টিজ একেবারে পাঙচার করে দিলেন।বউমা ইংলিশে কথা-কৌশল সব শিখিয়ে দিয়েছিলেন,কিন্তু শুনলেতো তার কথা!সুমিত-রুচিরার একমাত্র পুত্র রিও 'ঊষা মার্টিন' স্কুলে পড়ে।ছেলের মাথায় হাত দিয়ে রুচিরা ইংলিশে আশীর্বাদ করে চলেছেন।সেলফোনটা বেজে উঠল হঠাত্।প্রবন্ধ প্রতিযোগিতায় ছেলে তার প্রথম হয়েছে।11 ডিসেম্বর স্কুলের সংবর্ধনাসভায় বাবা-মাকে উপস্থিত থাকার অনুরোধ করে প্রিন্সিপাল স্যারের এই ফোন।
         অবশেষে এল সেই শুভক্ষন।প্রিন্সিপাল ঘোষণা করলেন-আমাদের গর্ব রিও ইংলিশ মিডিয়মে পড়েও 'শিক্ষায় মাতৃভাষার গুরুত্ব' বিষয়ক সর্বভারতীয় বাংলা প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম হয়েছে।চারিদিক করতালিতে মুখরিত হল।ঠাকুমা রাত জেগে কিভাবে বাবা-মার অগোচরে তাকে বাংলা শিখিয়েছেন,মঞ্চে দাঁড়িয়ে রিও সেই কাহিনীই শোনাল।ঘোর কাটলে রুচিরা সুমিতাকে শুধোয়-'মা যে লেখাপড়া জানে কোনদিন বলনিতো?
মা বাংলায় লেটারসহ স্টারমার্কস   নিয়ে মাধ্যমিক,বাবা কথাটা বলেছিল কোনওএকদিন। আফশোষের সুরে শুধু বলল-'ছোট থেকেই বাবা আমাকে হোস্টেলে রেখে পড়িযেছেন;তাই হয়তো মায়ের ট্যালেন্ট বিশেষ উপলব্ধি করতে পারিনি।'
----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

অগ্নিশিখা - ক্ষমা কংসবণিক



           কলেজের দেওয়াল গুলি আজ কত রঙিন হয়ে উঠেছে | রংবেরঙের রঙিন ফুলে সাজানো আজ | পোড়ো অশ্বত্থ গাছটা আজ আর নেই |যেখানে অগ্নিশিখার নাম খোদাই করা ছিল | কলেজের মধ্যে সবথেকে মেধাবী ছাত্র-ছাত্রী ছিল অগ্নি  আর শিখা |  নামের  মিলন ঘটিয়ে, স্যারেরা মজা করে ডাকতেন  অগ্নিশিখা |দুজনের মধ্যেই ছিলো স্বর্গীয় স্বপ্ন | হ্যাঁ, তবে শুধু পড়াশোনা নয়, জীবনের বাস্তব রূপকে আলিঙ্গন করে, একসাথে জীবনের চড়াই-উৎরাই পাড়ি দেবার স্বপ্ন তারা দেখতো | কিন্তু প্রকাশ্যে শুধুই  বন্ধু | হয়তো সেই অশ্বত্থ গাছটিও ছিল তাদের প্রেমের সাক্ষী | তবে ওদের জুটিটা ছিল কিন্তু বেশ |  দরিদ্র বাবা মায়ের একমাত্র ছেলে অগ্নি | দরিদ্র হলেও খুব আদরের | কিন্তু শিখার মা-বাবা ছোটবেলায় শিখা কে ছেড়ে পরলোকে পাড়ি দেন | ছোট থেকেই মামা বাড়িতে মানুষ | শিখার তিন মামা ছিলেন স্বনামধন্য ব্যবসায়ীদের মধ্যে একজন | শুধু স্বনামধন্য ব্যবসায়ী নয় অহংকারীতে পরিপূর্ণ | বন্ধুদের মুখে শুনেছি, অগ্নি, শিখার বন্ধুত্বের কথা তার মামা  যে দিন জানতে পেরেছিলো, তারপর থেকে অগ্নিকে আর কখনো কেউ দেখেনি | শিখারও কোন খবর নেই | অগ্নিশিখা নিভে গেলেও, তাদের প্রেমের কাহিনী চির অমর |

----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

Saturday, 24 April 2021

ঝলসানো স্বপ্ন - দেবযানী রায়।

 ঝলসানো সব স্বপ্ন গুলোকে
যত্ন করে গুছিয়ে রেখে ছিলাম,
আজ শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে
একটা একটা খুলে দেখছি অনেকগুলো স্বপ্ন সম্পূর্ণ-
ঝলসে যায় নি এখনও।
বেছে নিলাম, কিছু কিছু স্বপ্ন কে
আবার নতুন করে সাজিয়ে তুলবো,
যেমন শুকিয়ে যাওয়া গাছ গুলো কে
আবার বাঁচানোর প্রচেষ্টা।
কিশলয় যেমন আবার গাছকে
সাজিয়ে তোলে নতুন করে।
ঝলসানো স্বপ্নগুলো আবার
বেঁচে উঠবে আমার সারা শরীর জুড়ে
বাঁচার ইচ্ছে জেগে উঠবে মনে।
----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization