Monday, 12 April 2021

আহুতির উদ্ভব - সুব্রত মিত্র


পৃথিবীর শেষ ধুলোর পাশে যাবো মিশে অবশেষে
হয়তো বা মিশবো না কোনদিন
আগাছার তলে বিন্দু বিন্দু জলে ব্যর্থ হবে সাগরের ছবি আঁকা,
হোগলের শিরদাঁড়ায় হাওয়া এসে দিয়েছে নাড়া
দূরে উদীয়মান বৃক্ষেরা কেন হলো দল হারা;
রমনীরা তৃণ হয়ে সুধালো আমারে এসে
একলা তপস্যার এই চুপিসার সাথি হলো নিমেষে।

রদবদল হয়ে যায় সময়ের পারাপার
হাল ভাঙ্গা বিকেলে ওপার হতে কেউ ডাকবে না আর,
স্মৃতি বলে কিছুই পারিনি গড়িতে এহেন জীবনে
ছায়ার সেতুর পাশে শক্ত কবচ খানি,
পারিনি রাখিতে থামায়ে আমার এই মৃত্যুর বাণী।

এই নিঃস্বতার মাঝেও যারা প্রজাপতির বাসর সাজায়
আমি আমরণ কাল ধরে তাহাদের সাথে রবো
মনের সরণি বেয়ে আমি ঘুমন্ত শৈলীতে রবো জনম জনম
সেই মরমীয় শাখায় শাখায় প্রতিলিপির মর্মের পাতায় পাতায়।

রাখিবো আজি খুঁটি গেড়ে তোমার তরে
নিশ্চুপ হাওয়ার সাথে দেওয়া-নেওয়া গেছে মিশে;
পরাজিত মৌনতা জিতে যায় অবশেষে,
আমি গাঢ় গাঢ় উজ্জ্বল পশ্চাৎ করিয়াছি স্মরণ
প্রেমকে পারিনি দিতে সম্পূর্ণ মুক্তহস্ত
প্রেম তো নয় খেলনা; প্রেম কথাটি বড়ই শক্ত। 
----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

Thursday, 8 April 2021

নির্জন রাত:অনুভূতির সংলাপ - মহীতোষ গায়েন


বেসব্রীজ স্টেশন তখন রাত ১২টা ২০
নিঝুম রাত,স্টেশন জনমানবশূন‍্য,রাত
বাড়ে,ট্রেনের দেখা নেই,ভেসে আসছে 
সানাই-এর পাগল করা সুর,প্রেমাতুর।

রাত বাড়ে,রাতের নির্জনতা আলুথালু
করে সচেতন বিবেক,রহস্যময় আবর্তে
ভাসে মাধবীলতার ডাক,অথচ আশঙ্কার
সংকেত,আবার ট্রেন গন্তব্যের অভিমুখে।

শিযালদহ স্টেশনে নেমে নিয়নের বাতিতে
রাতের সৌন্দর্যে মেশে নিরাপত্তাহীন সংশয়;
অবশেষে ট‍্যাক্সিতে উঠে পড়া,যাপন বাসরে
যাওয়ার জন্যে একে একে স্টপেজ অতিক্রম।

হিমেল হাওয়ার হাওয়ার পরশ নাকে মুখে বুকে
চুম্বন দিয়ে ফেরে আর আসে,বেলগাছিয়া,বিধান
নগর,হলদিরাম,বাগুইহাটি হয়ে এয়ারপোর্ট-এর
বুক চিরে এগোচ্ছে ট‍্যাক্সি এক অজানা আনন্দে।

দ্বিতীয় প্রহর আসে,রাতচরা পাখি বাসায় গেয়ে
ওঠে মাঙ্গলিক গান,লাম্প পোস্টের সব আলো
মুখে পড়ে,সলজ্জ হাসে,রাস্তার দুধারের বাড়িতে
কোথাও বিপর্যয় আবার কোথাও বা নির্মাণ সুখ।


----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

Tuesday, 30 March 2021

আবির্ভূতা - বর্ণালী রায়


 হনহন করিয়া দখিনা হাওয়া
 ছুটিয়া আসিয়া মোর হৃদয় চুর করিয়া
 কোন অন্তে মিলিয়া গেলো।
 বৃক্ষশাখা শনশন করিয়া
 কিছু কহিয়া গেল।
 পায়ের মল ছনছন ছনছন
 করিয়া পুলকিত হইয়া উঠিল।
 এ কি হইলো এ কী হইলো বুঝিতে পারিলাম না
 কেন এমন হইল তাও তো বুঝিলাম না!
 লক্ষ বছর হইল অকূলে ভাসিয়া  গিয়াছি
 কেহ তাহা না জানিয়াছে....
 তবে,অপেক্ষা কি মোর ঘুচিয়াছে?
 কেহ কি আসিয়া পোড়া কপালে মোর জুটিয়াছে?
 সাতিশয় শোকাভিভূত হইয়া
 নিরতিশয় আকুলতা প্রদর্শন করিতে
 ব্যস্ত হইয়া পরিলাম।
 উৎকন্ঠিত হইয়া বলিয়া উঠিলাম...
 কেহ কি আসিয়াছো???
 প্রবঞ্চনা বাক্যে সান্তনা প্রদানের চেষ্টায়
 কিছু আভাস দিয়া গেল পক্ষীরা।
 মনে আর অনুমাত্র আশঙ্কা রহিল না,
 অতঃপর আবির্ভূত হইল এক মনোহর মূর্তি।
 আহা্ কি চমৎকারিণী চিত্ততারিণী ||


--------------------------ল--------------------------
        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 
Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

Monday, 29 March 2021

আমি সেই কবি - কবি সুব্রত মিত্র

আমি সেই দোমড়ানো মোচড়ানো জনমের এক টুকরো স্মৃতি।
আমি সেই বাংলার চঞ্চল ঢেউ
আমি শিরীষের তলায় উড়ে যাওয়া বাতাসের কেউ,
আমি বেতের ঘায়ে স্কুল পালানো সেই ছোট্র বালক
ছেড়া প্যান্ট আর বগল ফাটা জামায় ছুটে চলা আমি সেই ছাত্রনায়ক। 

আমি শৈশব ভাঙা কান্না
আমি কৈশোর হারা অন্ধ রাতের বন্যা
আমি যৌবন ভাঙা স্রোত।
আমি প্রেমে পরাস্ত আস্ত বিরহের ক্রোধ
আমি সেই পল্লীমঙ্গল,আমি সেই নব কল্লোল
আমি যুদ্ধবিরতি সীমানার পুনঃনির্মিত হিল্লোল। 

আমি সেই চাকরের ভূমিকায় চায়ের দোকানের বাসন মাজার লোক
আমি বেঁচে ওঠার সংগ্রাম
আমি মুক্ত গগনে সাজিয়ে রাখা চিরকালীন বদনাম,
আমি ক্ষিধে
আমি সমাজ যাতনার চূড়ান্ত ফিতে। 

আমি শোষিত
আমি লাঞ্ছিত,
আমি একটি ছোট্র কাজের আশায় বাবুদের গোলাম হওয়া বেপরোয়া ইচ্ছে।
আমি স্বরচিত ইতিহাস
আমি নিস্পৃহা নামক কোন দলিলের একটি পাতা
আমি নির্যাতনের একটি পূর্ণ খাতা। 

আমি কর্মের প্রতি ঘৃণা আর অনীহার মৃত জৌলুস
আমি বাঁচার দায় মাখা আত্মহত্যা না করতে পারা সেই কাপুরুষ
আমি চন্ডালি বৈকালের ধূসর রুটি
আমি নিলয় নির্মাণ হতে প্রলয় বিচ্ছুতির সময়ের আশ্রয়ের--
এক চূড়ান্ত খুঁটি 

আমি দুর্বার দুর্নিবার
তাই মারি উঁকি বারবার;
মাথা উঁচু করে দেখি চেহারা এই ধান্ধাবাজ পৃথিবীটার,
আমি ফাটা কলসির মতো বেজে উঠি মাঝে মাঝে
আমি মিশে গিয়েও অমিল হই প্রকারভেদের মাঝে।

আমি বিষাদ আঁকা প্রভাত
আমি স্বাদ;গন্ধ;বর্ণহীন এক দুর্বল বাহুবল
আমি লাঙ্গলের ফলায় একলা পথচলা
আমি ভাঙ্গা দেওয়ালের পাশে জীর্ণ খেয়াল
আমি নকল সোনায় বোনা আসলের খাদ
আমি অশুভর প্রতিবাদ,আমি তার বিন্যাস। 

আমি রাজনৈতিক কড়চায় প্রতিবাদী চর্চা
আমি চকচকে সমাজের ত্রুটি ধরে ফেলা সাবলীল মরচা,
আমি বিগ্রহ।
আমি বেদনায় সিক্ত হওয়া অনুভবের সংগ্রহ। 

আমি সারারাত ধরে ছুটে চলা প্রাণ বাঁচানোর আকুতি
আমি ছদ্মবেশে সংহতি সাজায়ে দেশে দেশে করি প্রকাশ মিনতির
আমি তর্কে কাঁপাই মর্ত্য
আমি জিতি আর হারি;হারি আর জিতি;সত্যের প্রতিষ্ঠা করাই আমার শর্ত,
আমি বেমিশাল মায়াজাল
না মেশা পদার্থের মতো আমিই কোনো মহাকাল। 

আমি সর্বকালীন বিশ্ব কাঁপানো মহান ভেদ
আমি ভয়;
আমি দয়াময় প্রাণ সংশয়;
আমি কল্পনার পাথরে খোদাই করা স্মৃতি বিজড়িত ছেদ। 

আমি সমাজের তরে হেঁকে ওঠা উচ্চস্বরে সওয়াল
আমি মানবিক হতে গিয়ে সমাজের সম্মুখে হই সামাজিক জঞ্জাল
আমি জনতার ভিড়ে ক্ষুধার্ত চিৎকারে মাতায়েছি কোলকাতা
আমি ধূলিমাখা গায়ে;হাঁটা গুটিগুটি পায়ে-
আমিই সেই বেলুন বিক্রেতা,
বুঝিনি আমি;বোঝোনি তুমি;বোঝেনি কেউ;বোঝেনি আমার বনলতা। 

আমি তারা ভরা রাতের মিলনমেলায় থেমে থাকা কালের মরুদ্যান
আমি ফেলে আসা দশকের সামনে দাঁড়িয়ে থাকা অধ্যায়;সেই সমান সমান
আমি অতীতের বকেয়া সময়ের কলঙ্কের পরিণত ছবি
আমি পরিশোধ;আমি অনুরোধ;আমি সেই অ-নামাঙ্কিত কবি।


----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization