Saturday, 15 October 2022

ভালোবাসার উপসংহার -- শৈবাল কর্মকার

তোমাকে ভালোবাসি বলে
নিজেকে গুটিয়ে নিয়েছিলাম
শামুকের খোলকে,
ত্যাগ করেছিলাম নিজস্বতাকে
আপন করেছি একাকীত্ব।
হাতে হাত রেখে
ঠোঁটে ঠোঁট দিয়ে
ভালোবাসা আমাকে স্পর্শ করেছিল,
আমি ও প্রত্যুত্তরে
জাগিয়েছি কামরূপ চেতনা।
এখন,
অনুভূতিগুলি অতীত মৃত-অগ্নিদ্বগ্ধ
আমার আর ভালোবাসার অহরহ বাঁধে দ্বন্দ্ব,
নিজের সবটুকু যার জন্য করেছি ত্যাগ
সে আমায় প্রশ্ন করে
কেন করেছিলে?
এখন,
শুধু কথার পিঠে কথা বসে
যুক্তি-তর্কের পাহাড় আকাশ ছুঁতে চায়
সূচ ফুটানো কথাগুলি হৃদয়ের রক্ত ঝরায়।
এখন,
প্রতিদ্বন্দ্বিতা!
ত্যাগের হিসাব অঙ্ক কষতে বসায়,
ব্যস্ততার অজুহাত দাঁড়ায়-
দু 'জনের মাঝে প্রাচীরের মত,
সেদিনের অমলিন ভালোবাসা
এখন শুধু বোঝাপড়া
আর স্পষ্ট চাঁদের ক্ষত।
এখন,
প্রেমাতুর মন খুঁজে
একলা সন্ধ্যে,
একটা নিশ্চিন্ত অপরাহ্ন,
অবাধ্য মন আজীবন ভালোবাসতে চায়
মুছে যায় অতীত রজনীর স্মৃতি চিহ্ন।
এখন,
আমার আর ভালোবাসার করুণ পরিণতি
ভালোবাসা বৈরাগ্য চায়!
আমি চাই হতে -
ভালোবাসার যতি।


নিরাসক্তি -- পরেশ চন্দ্র দাস



ভোগাসক্তি লোভ জন্মদাতা ভবে
                           তীব্র আকাঙ্ক্ষার তরী ,
তম গুনে আসক্ত হয়েছি মোরা
                              নিজেই  নিজের অরি ।
ত্যাগের ভাবনা স্বত্তগুণে রয়
                                  আশ্চর্যের কিছু নাই ,
ত্রিগুণে জগৎ চলে নিত্যদিন
                                    দোষ গুণ সবটাই ।
ভোগের পরে ত্যাগ তাড়না দেয়
                                  আদ্যোপান্ত অনুমান ,
অজ্ঞের ভিড়ে বিজ্ঞ অসহায়
                                      চাইছেন পরিত্রাণ ।
চাহিদা বেড়েছে যুগ বিবর্তনে
                                 স্বার্থ যেখানে অধরা ,
নারী যেখানে ভোগের বিজ্ঞাপন
                                     মগ্ন হয়েছে পসরা ।
কোষাগার শূন্য হয়েছে সংসারে
                                    বারবনিতার লোভে ,
নিস্ফল ক্রন্দনে মাতেন রমণী
                                বিপথ গামীর ক্ষোভে ।
ত্যাগ আগে রক্তরোষ ক্ষয়ে শেষে
                                    বয়সের যায় অস্ত ,
মহিমা তখন শীত ঘুমে ব্যস্ত
                                ত্যাগের দুয়ারে ন্যস্ত  ।
শৈশবে করিয়া ব্যয় উদ্দীপক
                              যৌবনে আজ কাঙাল ,
সামনে ভবিষ্যৎ করিছে কেলি
                                বৈরাগ্য হলো নাকাল ।

--------------------------------------------------

Sunday, 11 September 2022

ভয়েসের উদ্যোগে গ্রন্থ প্রকাশ ও কবি সংবর্ধনা অনুষ্ঠান


০৪-০৯-২০২২ :  রবিবাসরীয় দুপুরে ভয়েস লিটেরারি কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে রায়গঞ্জ সুপার মার্কেটস্থিত ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স সভাকক্ষে অনুষ্ঠিত হল গ্রন্থ প্রকাশ ও কবি সংবর্ধনা অনুষ্ঠান। কবি বিজয় সরকারের সম্পাদনায় বাংলার বিভিন্ন প্রান্তের ৮৪ জন নবীন-প্রবীন কবির সৃষ্টিশীল কবিতা সংকলিত 'আত্ম অন্বেষণ ' কাব্যগ্রন্থের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটলো।

 ভয়েসের সাংগঠনিক সম্পাদক চন্দন মহন্ত তার স্বাগত ভাষণে অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে ভয়েস সংগঠনের উদ্দেশ্য ও ভয়েসের বহুমুখী মানবিক কার্যাবলী তুলে ধরেন।
 'আত্ম অন্বেষণ' সংকলনের সম্পাদক কবি বিজয় সরকার তার বক্তব্যে সংকলন প্রকাশের প্রাসঙ্গিকতার উল্লেখ করেন l 
অনুষ্ঠানে প্রধান অতিথি বঙ্গরত্ন, কবি-প্রাবন্ধিক বিশ্বনাথ লাহা বলেন - সৃষ্টিশীল কর্মমুখী জীবনের মধ্য দিয়েই খুঁজে নিতে হবে বাঁচার আনন্দ। সমাজ জাগরণে নবপ্রজন্মকে এগিয়ে আসার আহ্বান করেন তিনি। 
বিশেষ অতিথি 'আত্ম অন্বেষণ' কাব্যগ্রন্থের ভূমিকা লেখক তথা অধ্যাপক সুকুমার বাড়ইয়ের কথায় ভয়েসের তরুণ তুর্কি দল যেভাবে সকলকে সাথে নিয়ে শিক্ষার প্রসার, সাহিত্য-সংস্কৃতি চর্চা ও সমাজসেবামূলক কাজ করে চলেছে, তা সত্যি প্রশংনীয় l
বিশেষ অতিথি ডি.এস.পি হেড কোয়ার্টার ও সাহিত্য-নাট্যপ্রেমী রিপন বল বলেন - বর্তমানের এই কঠিন পরিস্থিতিতে একমাত্র সাহিত্য-সংস্কৃতি চর্চা আমাদের সুস্থভাবে বেঁচে থাকার দিশা দেখাতে।  

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মানীর অধ্যাপক ড. দীপক চন্দ্র বর্মন 
এবং সম্মানীয় কবি মিহির দাশগুপ্ত। 

     সংগীতশিল্পী আল্পনা কুন্ডুর 
"শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী" - গানের মধ্য দিয়ে  অনুষ্ঠানের উদ্বোধনী সংগীত পরিবেশিত হয়। 
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বর্ণালী রায়, রত্না রায়, ছবি বর্মন, রুপা সরকার। স্বরচিত কবিতা পাঠ করেন কবি শৌভিক দাস, সুব্রত মিত্র, অভিজিৎ কুমার মল্লিক, যাদব চৌধুরী, গগন ঘোষ, বিনয় লাহা প্রমুখ l অনুষ্ঠানে উপস্থিত কবিদের হাতে ভয়েসের পক্ষ থেকে তুলে দেওয়া হয় "কবিরত্ন সম্মান - ২০২২" 
এছাড়া ভয়েসের পক্ষ নির্বাচিত শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় "শিল্পীরত্ন সম্মান - ২০২২"।  

ধন্যবাদ জ্ঞাপন করেন আহ্বায়ক কবি গোলাপ সিংহ। অনুষ্ঠানকে অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন ভয়েসের সদস্যা আল্পনা কুন্ডু।

Friday, 9 September 2022

একটা যুদ্ধ চাই -- সরিফুল হক


একটা যুদ্ধ চাই ,
ভীষণ, ভয়ঙ্কর ধরনের যুদ্ধ। 
তার পরিধি ছড়িয়ে পড়ুক 
গ্রাম থেকে শহরের সীমানা পার হয়ে 
দেশ থেকে দেশান্তরে। 
প্রতি বস্তিতে , প্রতি এঁদো-গলিতে ।
আবাল-বৃদ্ধ-বনিতা থেকে প্রতিটি প্রান্তিক মানুষের হৃদয়ে হৃদয়ে। 
চাই সবাই স্বেচ্ছায় সামিল হোক সে যুদ্ধে।

অশিক্ষা-কুসংস্কারের বিরুদ্ধে সে যুদ্ধ।
ধর্ম-জাত-ভাষা বিভেদের বিরুদ্ধে সে যুদ্ধ। 
লাঞ্ছনা-বঞ্চনা-অত্যাচারের বিরুদ্ধে সে যুদ্ধ। 
দূষণ-ধ্বংসের বিরুদ্ধে সে যুদ্ধ।
শিক্ষা-মানবিকতা-মানবাধিকার প্রতিষ্ঠার সে যুদ্ধ। 

জয় আমাদের নিশ্চিত।
কারণ -এই যুদ্ধের দামামা প্রতিটি হৃদয়ে অনুরণিত।
আর ,প্রকৃতিও চায় তার সমস্ত সমর্থন নিয়ে আমাদের পাশে দাঁড়াতে। 

তারপর তৈরি হবে -একটা সুসভ্য জাতির। 
একটা সুনির্দিষ্ট লক্ষ্যের। 
একটা সমৃদ্ধ - কিন্তু, মুক্ত মনের। 
তুমি ,আমি ,আমরা সব্বাই তখন স্বাধীন।


© সরিফুল হক 
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ 

Thursday, 21 July 2022

প্রকাশিত হতে চলেছে ভয়েস-এর প্রথম কাব্য সংকলন "আত্ম অন্বেষণ "।

৮৪ জন কবির কবিতা নিয়ে কবি বিজয় সরকারের সম্পাদনায় প্রকাশিত হতে চলেছে ভয়েসের প্রথম কাব্য সংকলন "আত্ম অন্বেষণ "।  


কাব্যগ্রন্থের প্রত্যেক কবি তাদের আত্ম অন্বেষণের তথা নিজেকে আবিষ্কারের চেষ্টা করেছেন তাদের স্ব স্ব ভাবনা, চিন্তন-চেতনা, দর্শন ও আত্মবোধের মধ্যে। গ্রন্থটিতে বাংলার বিভিন্ন প্রান্তিক এলাকা থেকে শহুরে অঞ্চলের নবীন-প্রবীণ কবিদের স্ব স্ব লেখনীতে মানুষের জীবন, প্রেম-প্রকৃতি ও বাস্তব সমাজের নানা চিত্র প্রভৃতি ফুটে উঠেছে। যা পাঠকদেরও আত্ম অন্বেষণের পথ দেখাবে, আশা রাখি।

কাব্যগ্রন্থের প্রি-বুকিং চলছে----- 

আগ্রহী সাহিত্যপ্রেমী বন্ধুরা কাব্যগ্রন্থটি প্রি-বুকিং করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।  

WhatsApp : 8918172319 

কাব্যগ্রন্থের কিছু  বৈশিষ্ট্য : 

১) বোর্ড বাইন্ডিং হার্ড কপি।  
২) ISBN যুক্ত 
৩) কবির সৃষ্টিশীল কবিতার সাথে কবির ছবি সহ কবি পরিচিতি গ্রন্থে তুলে ধরা হয়েছে।